এম. মনছুর আলম, চকরিয়া :
আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া উপজেলায় বিভিন্ন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান এবং চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভার নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন কমিশনার, এ.এম. আলী আকবর, জাহাঙ্গীর আলম ভুট্টো এবং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফরসূচি, বিভিন্ন কর্মসূচি এবং জনসভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
