মহেশখালী প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি কক্সবাজারের মহেশখালী উপজেলায় এলজিইডির অর্থায়নে নির্মাণাধীন নৌপথের ল্যান্ডিং স্টেশন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।

শুক্রবার (৫ জুন) তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড় এবং ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোকে কেন্দ্র করে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে উপজেলা ও জেলা শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে পর্যটন শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে পর্যটক ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, যা মহেশখালীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।