এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য স্থাপনা নির্মাণস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

শুক্রবার (৫ জুন) দুপুরে তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার সম্ভাব্য প্রশাসনিক ভবন ও বিভিন্ন সরকারি স্থাপনার স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদের প্রধান কার্যালয়, থানা ভবন, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।