নাছির উদ্দিন সোহেল, কক্সবাজার :
কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে ইয়াবার একটি চালান জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে ঘাট এলাকায় দুই যুবকের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের গতিরোধ করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো দুটি বড় ইয়াবার বান্ডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি বান্ডিলের ভেতরে পাঁচটি করে সবুজ পলিথিনের প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ট্যাবলেট রাখা ছিল। এভাবে দুটি বান্ডিল থেকে সর্বমোট ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক দুই যুবকের বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে তারা ইয়াবার এ চালানটি ৬ নম্বর ঘাট এলাকায় নিয়ে এসেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। উদ্ধারকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক পাচার ও মাদক কারবার নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
