শেফাইল উদ্দিন :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া তিনটি অবিস্ফোরিত মর্টারশেল সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে নিরাপদ উপায়ে মর্টারশেলগুলো ধ্বংস করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খোলা মাঠে বিশেষ নিরাপত্তাবলয়ের মধ্যে মর্টারশেলগুলো নিষ্ক্রিয় করা হয়। এ কাজে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল অংশ নেয়। অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তারা মর্টারশেলগুলো ধ্বংস করে। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ঈদগাঁও থানা-পুলিশ।

এর আগে গত ১৮ মে ইসলামপুর ইউনিয়নের জুম নগর এলাকার নুরুল আজিমের বসতভিটায় পরিত্যক্ত অবস্থায় তিনটি মর্টারশেল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গত ২১ মে ঈদগাঁও থানা-পুলিশ ও স্থানীয় অস্থায়ী সেনাক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দল না পৌঁছানো পর্যন্ত জননিরাপত্তার স্বার্থে গ্রাম পুলিশের পাহারায় মর্টারশেলগুলো নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়।

মর্টারশেলগুলো সফলভাবে ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মজুমদার জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যতে কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা বোমা সদৃশ কিছু পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন অথবা নিকটস্থ থানায় অবহিত করুন।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সম্ভাব্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।