স্টাফ রিপোর্টার, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি একনালা বন্দুক ও গোলাবারুদসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বুধবার (৪ জুন) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন তিন রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পেকুয়া উপজেলার সরকারিঘোনা এলাকার মৃত আবদুল হকের ছেলে আহম্মদ নুরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি ব্যারেলসংযুক্ত একনালা বন্দুক, ২টি তাজা কার্তুজ, ২টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
