আব্দুল্লাহ সায়েম;
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কক্সবাজার জেলার ৬৬/৩ পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এম. আব্দুল্লাহ খান। অপরদিকে সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আলমগীর।
বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮০ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর আলম। প্রত্যক্ষ ভোটে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কলস প্রতীকের মোহাম্মদ ছৈয়দ এবং কোষাধ্যক্ষ পদে কলম প্রতীকের মো. শাহেদ নির্বাচিত হন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গরুর গাড়ি প্রতীকের জয়নুল আবেদীন, টেলিভিশন প্রতীকের মোহাং হোসেন, চাকা প্রতীকের মো. জসিম উদ্দিন, মোবাইল প্রতীকের সাজীবুল হক সাজীব এবং টিউবওয়েল প্রতীকের জাফর আলম। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উম্মে শাউদা শাহজাদী ও আয়েশা বেগম।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সিবিএ সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম পান্না এবং উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা (ক্লাইমেট স্মার্ট) মো. হাফিজুর রহমান।
নির্বাচনে ৬৬/৩ পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের বর্তমান আহ্বায়ক ওবাইদুল্লাহ খান হিরু সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো. জোনায়েদ। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাজাদুল করিম ও শওকত আলম। এছাড়া সার্বক্ষণিক উপস্থিত ছিলেন ইআইপি-১ পানি ব্যবস্থাপনা দলের সভাপতি নুরুল আজিম।
নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
