সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডুলাহাজারা নেক্সাস এসোসিয়েশন (DNA)-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় ডুলাহাজারা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় ডুলাহাজারা ডিগ্রি কলেজ, ডুলাহাজারা মারুফিয়া মাদ্রাসা, ডুলাহাজারা আইডিয়াল স্কুল, ডুলাহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল উচ্চ বিদ্যালয় এবং ডুলাহাজারা বালিকা বিদ্যালয়ে চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ফারুকী, সাবেক সভাপতি খুবাইব আজম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মিসবাহ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব মুহাইমিনুল ইসলাম তাসনিম এবং ক্রীড়া সম্পাদক শাহ জাহান ভূট্টুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া হাফেজ মনজুর আলম, ইঞ্জিনিয়ার ফারুকী সিদ্দিকী, ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন, সাইফুল ইসলাম, আবু হানিফ নোমান, হাবিবুল্লাহ ইয়াসের, মনির আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ফারুকী। তিনি বলেন, “একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি ভবিষ্যৎ। পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করে সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সংগঠনের সাবেক সভাপতি খুবাইব আজম ও সদস্য সচিব মুহাইমিনুল ইসলাম তাসনিম বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতেও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও কর্তৃপক্ষকে সম্পৃক্ত করা হয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেন। পরে অংশগ্রহণকারীদের নিয়ে স্মারক আলোকচিত্র ধারণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।