নাছির উদ্দিন সোহেল, মহেশখালী :

মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কিং অব কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ছৈদর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার গোলাম কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কাদের বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইছারুল ইসলাম ও মিজবাহ উদ্দিন মজিদী, মহেশখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক এইচ. এম. জসিম উদ্দিন, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজেদুল করিম, হোয়ানক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল করিম, মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এম. নুরুন্নবী, সাবেক সাধারণ সম্পাদক আনচারুল করিম, বর্তমান সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুল ইসলাম মামুন এবং মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, মাতারবাড়ীতে চলমান মেগা উন্নয়ন প্রকল্পে স্থানীয় বাসিন্দাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এলাকার মানুষকে চাকরি ও ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মাতারবাড়ীর মানুষের জমি অধিগ্রহণ করা হবে, অথচ তারা উন্নয়নের সুফল পাবে না—এটি কখনো মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বেড়িবাঁধ ও সড়ক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের নিরাপদ যাতায়াত এবং উপকূলীয় এলাকার সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা ছৈদর বলেন, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

সঞ্চালকের বক্তব্যে মাস্টার গোলাম কাদের বলেন, ঈদ পুনর্মিলনী শুধু শুভেচ্ছা বিনিময়ের আয়োজন নয়; এটি নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কাদের বাবুল বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। দলের আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।