আবুল কাশেম, রামু :
কক্সবাজারের রামুতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজারের উত্তর পাশে চট্টগ্রামমুখী মহাসড়কের ওয়াজেদ কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। এ সময় এসআই জয়নাল আবেদীনসহ পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী শফিউল আলমের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রামু থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
