আজিজুর রহমান রাজু :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাগ এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হামিদ নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত হামিদ জালালাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হামিদকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামীম (১৮)-কে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার মোহাম্মদ সিদ্দিক ও ফাতেমা বেগমের ছেলে। নিহত ও অভিযুক্ত উভয়ের বাড়ি জালালাবাদ ইউনিয়নের লরাবাগ এলাকায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদা জানান, নিহত হামিদ পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও জানান, ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আরও দুজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঈদগাঁও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।