জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফের হ্নীলা ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মিনি টমটম চালককে আটক করা হয়েছে।
জানা গেছে, সোমবার (১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালী এলাকার এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার সময় স্থানীয়দের সহযোগিতায় র্যাব অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তি হ্নীলা রাসুলাবাদ (কিয়াংপাড়া) এলাকার মৃত ছবিউর রহমান ওরফে ছবিরানের ছেলে হাবিবুর রহমান ওরফে অটো হাবি (৫৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে এক টমটম চালককে র্যাব আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে এখনো অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়নি।
তিনি আরও জানান, অভিযুক্তকে থানায় হস্তান্তরের পর অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে এর আগেও ধর্ষণসংক্রান্ত অভিযোগে একাধিক মামলা হয়েছিল এবং তিনি কয়েকবার কারাভোগ করেছেন বলে এলাকাবাসীর দাবি। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
