আবুল কাশেম, রামু;
কক্সবাজারের রামুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৩টায় রামু উপজেলা বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ। উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার আলম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ, রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমদ মাহিন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য শেখ আবদুল্লাহ ও ফয়সাল কাদের, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল উদ্দিন এবং বিএনপি নেতা শহীদ উল্লাহ চেয়ারম্যানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, “বিএনপির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া। এ দেশে যখনই কোনো সংকট এসেছে, বিএনপিই তা মোকাবিলা করে জনগণের পাশে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আজীবন কাজ করে গেছেন।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে। অন্যথায় তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে না।”
অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
