নাছির উদ্দিন সোহেল, মহেশখালী:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) রাতে মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল হক রানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুর হক, কুতুবজোম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম এবং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আজও জাতীয় জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে রুহুল কাদের বাবুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।