এবারের ঈদুল আজহায় কোরবানি হচ্ছে না নারায়ণগঞ্জের আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে প্রাণে বেঁচে গেছে আলোচিত এই মহিষটি। কোরবানির জন্য বিক্রির পর সেটিকে ফেরত এনে আবারও খামারে পাঠানো হয়েছে।

চেহারা ও চুলের ধরন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর মতো হওয়ায় অ্যালবিনো জাতের মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। নামকরণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে প্রাণীটি। পরে চড়া দামে সেটি কিনে নেন কেরাণীগঞ্জের এক ক্রেতা।

তবে মহিষটিকে ঘিরে অতিরিক্ত কৌতূহল ও জনসমাগমের কারণে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার নির্দেশনায় ক্রেতাকে পুরো টাকা ফেরত দিয়ে মহিষটিকে আবার নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়।

বুধবার (২৭ মে) গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ থেকে পুনরায় কিনে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে সেটিকে খামার বা চিড়িয়াখানায় রাখা হবে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে যে, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও মহিষটি নিয়ে পোস্ট দিয়েছেন। পরে জানা যায়, এমন কোনো পোস্টের তথ্য সত্য নয়।

শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ নয়, এবারের কোরবানির হাটে Benjamin Netanyahu-এর নামেও একটি মহিষ এবং Neymar-এর নামে একটি গরুও আলোচনায় এসেছে।