পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহের নেতৃত্বে উপজেলা সদরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা সদরে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশকে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে পেকুয়ায় পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ সম্ভব হয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, পেকুয়া উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ, পেকুয়া উপজেলা ওলামা দলের সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ওসমান গণি এবং পেকুয়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুণুর রশিদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
