শেফাইল উদ্দিন :
কক্সবাজার সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা কমিটি আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করে।
অনুমোদিত কমিটিতে রুবায়েত মোহাম্মদ আদেলকে আহ্বায়ক, ইরতেজা মোহাম্মদ তানহাকে সদস্য সচিব এবং নুরুল ইসলাম নুরুকে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে আহ্বায়ক আদেল ও সদস্য সচিব তানহা ঈদগাঁওয়ের পরিচিত মুখ। মুখ্য সংগঠক নুরু রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা।
অনুমোদন সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক এস এম আতহার সাকিফ, সদস্য সচিব যায়েদ বিন আমান এবং মুখ্য সংগঠক আশফিক রহমান।
“শিক্ষা, ঐক্য ও মুক্তি” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত আহ্বায়ক রুবায়েত মোহাম্মদ আদেল বলেন, “ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণ, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালনে আমরা সচেষ্ট থাকব।”