সিবিএন ডেস্ক;

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। তিনি বান্দরবান ও কক্সবাজার অঞ্চল থেকে মনোনীত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী। তিনি জানান, শামীম আরা বেগম স্বপ্না দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে দলীয় নেতৃত্ব ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার অবদান এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবেই দল তাকে মনোনয়ন দিয়েছে। এতে নেতাকর্মীদের পাশাপাশি কক্সবাজারবাসীর মধ্যে আনন্দের সাড়া দেখা গেছে।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে ধন্যবাদ জানান।

এদিকে মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শামীম আরা বেগম স্বপ্নাকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি এক পোস্টে লেখেন, “অভিনন্দন স্বপ্না আপা।”