সিবিএন ডেস্ক:
মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত জ্বালানি সংকটের কারণে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি চান। প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার প্রস্তাবও দেন তারা।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতি কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চেয়ে আবেদন করেছিল। তাদের এই আবেদন বিবেচনায় নিয়ে সরকার পূর্বের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে নতুন সময়সীমা নির্ধারণ করেছে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।
এ সময় তিনি সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার কমানো গেলে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
