সিবিএন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও চীফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্যরা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াৰ ইউসুফ আহমেদ, এস. এম. জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার ও মেরামত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের লক্ষ্যে সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় সংসদ মেডিকেল সেন্টার-এ পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়নের সুপারিশ করা হয়। একই সঙ্গে এমপি ফ্ল্যাটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করা হয়, যা শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ডের মধ্যে শোষণ করতে সক্ষম হবে এবং প্রতিধ্বনি রোধ করবে। এছাড়া ইন্টারনেটের ধীরগতি দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা এবং আগামী ১০ তারিখের মধ্যে সংস্কারকৃত বাসাগুলো প্রস্তুত করে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, গণপূর্ত অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।