জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করেছে সরকার। একই সঙ্গে অবৈধ মজুতদারি রোধে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলায় এই ভিজিল্যান্স টিম কাজ করবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা রোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অবৈধ মজুতদারি বন্ধে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে সরকার জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় আতঙ্কে অতিরিক্ত জ্বালানি ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। সংস্থাটি বলেছে, স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি।