চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ উল্লেখ করে ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। পরে ঘটনাস্থলে গিয়ে তেলের মজুত যাচাই করে দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন সংরক্ষিত রয়েছে।

মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অপরাধে পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।