সিবিএন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জনগণের প্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সরকার সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ দ্রুত পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন-এর ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ ৩০ কর্মদিবসের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এসব সিদ্ধান্তে জুলাই গণ-অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।
তিনি আরও বলেন, ১৪ সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে। কোনগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে এবং কোনগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে, তা নির্ধারণ করা হবে এই কমিটির সুপারিশের ভিত্তিতে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ সরকার গ্রহণ করবে। এছাড়া, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তনের বিষয়েও আলোচনা চলবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যেই এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
