সিবিএন ডেস্ক:
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত ১/১১–এর কুশীলব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি প্রধান হারুন-অর-রশীদের নেতৃত্বে একটি দল বারিধারার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে আটক করে বলে জানা গেছে।
মাসুদ উদ্দিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন। ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তন তথা ১/১১–এর সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই সময়ের দুর্নীতিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তার চাকরির মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। অবসরের পর তিনি ঢাকায় ব্যবসায় জড়িত হন।
তার বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটসহ দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে তার আটকের খবরে ফেনীর সোনাগাজী বাজার এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী।”
তিনি আরও দাবি করেন, তার নেতৃত্বে অতীতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নির্যাতনের শিকার হয়েছেন।
