অনলাইন ডেস্ক:
রাজশাহী মহানগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুটি পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল ক্রয়-বিক্রয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় এবং একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল ছুড়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে জড়িতদের মধ্যে একপক্ষে আলহাজ্ব মমিনুল ইসলাম মোনা এবং অপরপক্ষে দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রাশেদুল হাসান পারভেজের নাম জানা গেছে।

জানা গেছে, মোটরসাইকেলের কাগজপত্র পরে হস্তান্তরের বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় মোটরসাইকেলটিতে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং দুই পক্ষই ঘটনাস্থল ত্যাগ করে নিজ নিজ এলাকায় ফিরে যায়। পরে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।