অস্ট্রিয়ার ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এমওই৩’ (MOE3) কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী লর্ড হ্যানসনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারিত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি সন্ত্রাসবাদ দমন, প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে লর্ড হ্যানসনও দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিরাপত্তা খাতের সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ বিচার ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকের আলোচনায় বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সংস্কার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। এ ক্ষেত্রে ব্রিটিশ পুলিশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ইস্যুতে বৈশ্বিক সহযোগিতা জরুরি।
লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
