ডেস্ক নিউজ :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার নির্দেশ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব দিয়েছেন— এমন দাবি করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদ।
মঙ্গলবার (১০ মার্চ) অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রুবেল আহমেদ ৩১ জানুয়ারি ২০২৬ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, বিপ্লবের নির্দেশে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুল ওরফে ‘শুটার ফয়সাল’ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করেন।
জবানবন্দিতে রুবেল উল্লেখ করেন, শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে হাদি ও ইউটিউবার কাফিকে ২০–২৫ লাখ টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনা করা হয়। এ বিষয়ে ২০২৫ সালের ৩ নভেম্বর বিপ্লব ফোনে কামরুজ্জামান রুবেলকে নির্দেশ দেন এবং পরে সেই কাজ ফয়সালের কাছে দেওয়া হয়।
উল্লেখ্য, রাজধানীর বছিলা মেট্রো হাউজিং এলাকা থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ গভীর রাতে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। তবে ২১ জানুয়ারি ২০২৬ রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে আবারও তাকে গ্রেপ্তার করা হয় এবং হাদি হত্যা মামলায় আসামি করা হয়।
২২ জানুয়ারি আদালত তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জুলকারনাইন সায়ের খান তার পোস্টে বলেন, রুবেলের জবানবন্দিতে নানকের সহকারী বিপ্লবের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় বিপ্লবকে গ্রেপ্তার করে দেশে আনা এবং কার নির্দেশে হত্যার পরিকল্পনা হয়েছে তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
