নিউজ ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে হাদি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তাদের গ্রেপ্তারের পর এ মামলার তদন্তে নতুন অগ্রগতি আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে পশ্চিমবঙ্গ পুলিশ।