জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টায় শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, নিহত স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী। ঘটনার সময় দুই সন্তানই নানিবাড়িতে ছিল।

পুলিশ জানায়, ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জেরে স্বামী তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তাহমিনাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাহমিনার মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করা হয়।