অনলাইন ডেস্ক:
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-এ অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেল।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর বিকেলে জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।
এছাড়া জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন।
