নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি।

আজ শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’ ও United States Geological Survey–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আশাশুনি, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে অবস্থিত। তবে ভারতের National Center for Seismology কম্পনের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে।

ভূমিকম্পে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্ত ঝাঁকুনি অনুভূত হয়। নামাজের সময় অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে আসেন। খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও কম্পন টের পাওয়ার খবর পাওয়া গেছে।

পাশাপাশি ভারতের কলকাতা শহরেও কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকে বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। চলতি মাসে সিলেট, সাতক্ষীরা ও সুনামগঞ্জেও একাধিকবার মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।