সিবিএন ডেস্ক:
বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে এবং গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ সভায় তিনি বলেন, “সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা ও ইকোসিস্টেমের সঙ্গে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখনও পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি। যখন মন্ত্রণালয় গড়ে ওঠে, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।”
মন্ত্রী আরও বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু এই নতুন বাস্তবতার সঙ্গে যেভাবে সমন্বয় করা প্রয়োজন ছিল, তা এতদিনে পুরোপুরি হয়ে ওঠেনি। তিনি জানান, সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে।
এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করা হয়। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।
