সিবিএন ডেস্ক:

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত (সুদসহ) মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তে প্রায় ১২ লাখ কৃষক মোট ১ হাজার ৫৫০ কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নাসিমুল গণি এ তথ্য জানান।

তিনি বলেন, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতকে চাঙ্গা করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ বকেয়া রয়েছে, তাদের আসলের পাশাপাশি সুদও মওকুফ করা হবে। এতে করে প্রান্তিক পর্যায়ের প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।

সরকারি হিসাব অনুযায়ী, এই প্রক্রিয়ায় মোট ১ হাজার ৫৫০ কোটি টাকা মওকুফ করা হচ্ছে। মূলত যারা ক্ষুদ্র অংকের ঋণ নিয়ে নানা কারণে পরিশোধ করতে পারছিলেন না, তাদের কথা বিবেচনায় নিয়েই এই ছাড় দেওয়া হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।