ঢাকা, সোমবার: জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ১০ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। এসব অস্ত্র এখন অবৈধ হিসেবে গণ্য হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “এসব অবৈধ অস্ত্রের বিষয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে।”
তিনি আরও জানান, বিগত সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
