নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (আসন নং-২৯৬) নির্বাচনী এলাকায় বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মনোনীত প্রার্থী হিসেবে জগদীশ বড়ুয়া’র প্রার্থীতায় সমর্থন প্রত্যাহার করলো বাংলাদেশ লেবার পার্টি।

১০ ফেব্রুয়ারি পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান স্বাক্ষরিত অফিসিয়াল নির্দেশনায় জানা গেছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে উক্ত প্রার্থীর প্রতি দলের সমর্থন প্রত্যাহার করা হয়েছে।

জগদীশ বড়ুয়া যেন বাংলাদেশ লেবার পার্টির নাম, প্রতীক, পরিচয় অথবা দলীয় অনুমোদনের ভিত্তিতে নির্বাচনী প্রচারণা, এজেন্ট নিয়োগ, ভোটকেন্দ্রে কার্যক্রমসহ কোনো প্রকার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকান্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত পত্রের মাধ্যমে অনুরোধ করছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান।