সিবিএন:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে।
তিনি বলেন, জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যার প্রকৃত মালিক হবে জনগণ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন—এটাই গণতন্ত্রের শক্তি।
বুধবার (২৮ জানুয়ারি) চকরিয়ার সাহারবিল ইউনিয়নে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে যেন আর কখনো কাউকে গুম হতে না হয়, কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা সইতে না হয়। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আর কোনো মানুষ গুম হবে না। গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাহারবিল ইউনিয়নের পাঁচটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেন তিনি। পরে বিকেলে পূর্ব বড় ভেওলা এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন।
তিনবারের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত তাদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
তিনি আরও বলেন, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে তার জীবন একসময় হুমকির মুখে পড়েছিল। দেশ এমন একটি সময় পার করেছে, যখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি। তবে এবার জনগণ স্বাধীন পরিবেশে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
