সিবিএন ডেস্ক:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে এই আসনের প্রতিটি কেন্দ্রে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আগামীতেও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগের চেয়ে আরও বড় ব্যবধানে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি, যাতে ভবিষ্যতে কেউ সেই রেকর্ড ভাঙতে না পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নে গণসংযোগ চলাকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে। আপনারা ১২ ফেব্রুয়ারি মুক্ত পরিবেশে ভোট দেবেন।”

এর আগে তিনি কোনাখালী ইউনিয়ন ও ঢেমুশিয়া এলাকায় ধারাবাহিক গণসংযোগ করেন। এ সময় হাজার হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে এসে তাকে ফুলের মালা পরিয়ে দেন, হাত মেলান এবং কেউ কেউ ভালোবাসায় বুকে জড়িয়ে নেন।

ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “দীর্ঘ ২০ বছর পর আবার আপনাদের কাছে ফিরে এসেছি। মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় এটি সম্ভব হয়েছে। আমি হেঁটে-হেঁটে এই জনপদের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আগামীতে দায়িত্ব পেলে আবারও এই এলাকা উন্নয়নে ভরিয়ে দেব।”

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।