মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

# বাছাই : শুক্রবার ও শনিবার
# দলীয় প্রার্থী : ২০ জন, স্বতন্ত্র : ৩ জন
# সর্বোচ্চ প্রার্থী কক্সবাজার-২ আসনে, ৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার ২৯ ডিসেম্বর কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারমধ্যে, ২০ জন দলীয় প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী। ২০ জন দলীয় প্রার্থীর মধ্যে বিএনপি’র ৪ জন, জামায়াতে ইসলামীর ৪ জন, ইসলামী আন্দোলনের ৪ জন, গণ অধিকার পরিষদের ২ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন, জাতীয় পার্টির ১ জন, বাংলাদেশ লেবার পার্টির ১ জন, আমজনতার দলের ১ জন, এনডিএম এর ১ জন এবং লেবারেল ডেমোক্রেটিক পার্টির ১ জন। আগামী ২ জানুয়ারী শুক্রবার কক্সবাজার-১, কক্সবাজার-২ আসন এবং ৩ জানুয়ারী শনিবার কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই করা হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সুত্র মতে, ২৯৪, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপি থেকে একই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামী থেকে আবদুল্লাহ আল ফারুক, ইসলামী আন্দোলন থেকে মোঃ ছরওয়ার আলম কুতুবী, গণ অধিকার পরিষদ থেকে মোঃ আবদুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন। মোট ভোট কেন্দ্র ১৫৯ টি।

২৯৫, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে সর্বোচ্চ সংখ্যক ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপি থেকে একই আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতে ইসলামী থেকে সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন থেকে জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ওয়াইদুল কাদের নদভী, গণ অধিকার পরিষদ থেকে এস.এম রুকনুজ্জামান খান, জাতীয় পার্টি থেকে মোঃ মাহমুদুল করিম এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৮৫১ জন। মোট ভোট কেন্দ্র ১১৮ টি।

২৯৬, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপি থেকে একই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামী থেকে শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন থেকে আমিরুল ইসলাম মীর, বাংলাদেশ লেবার পার্টি থেকে জগদীশ বড়ুয়া, আমজনতার দল থেকে নুরুল আবছার এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ ইলিয়াছ মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৪৫ হাজার ৯৬৩ জন। যা ৪ টি আসনের মধ্যে সর্বোচ্চ। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৮ টি।

২৯৭, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপি থেকে একই আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলন থেকে নুরুল হক, এনডিএম থেকে সাইফুদ্দিন খালেদ, এলডিপি থেকে আবদুল্লাহ আল আরাফাত মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। এ আসনে ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজার ৬৮৮ জন। মোট ভোট কেন্দ্র ১০৭ টি। যা জেলার ৪টি আসনের মধ্যে সর্বনিন্ম সংখ্যক ভোটার।

ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একইসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে।