ভবিষ্যতে দেশে কোনো সামরিক স্বৈরাচার, স্বৈরাচারী শক্তি, ফ্যাসিবাদী বা মাফিয়া শক্তির উত্থান যাতে না ঘটতে পারে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। বিএনপির ইতিহাসও আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস।

দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন।

তিনি বলেন, ১৯ দফা ছিল বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের কর্মসূচি।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথ তৈরি করাই ছিল এর লক্ষ্য। বিএনপি সেই কর্মসূচির ভিত্তিতেই রাজনীতি করে।

বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯০ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রবর্তনে ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। নারীশিক্ষা ও নারীর অগ্রগতিতেও বিএনপির বিভিন্ন কর্মসূচির ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একসময় ওয়ান-ইলেভেনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা হয়। এরপর দেশে নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটে। এসব থেকে দেশকে মুক্ত করতে ছাত্র-জনতা আন্দোলন-সংগ্রাম করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এখন বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমরা সেই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রব্যবস্থার বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছেন।