পেকুয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, জোন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে সভা থেকে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। এতে উপজেলা, ইউনিয়ন, জোন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন পেকুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিল সিকদার, পেকুয়া সদর পূর্বজোন যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম, পশ্চিম জোন যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, টৈটং ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ বাবু, শাহাদাত হোসেন এবং বারবাকিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাপতির বক্তব্যে কামরান জাদিদ মুকুট বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে পেকুয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে যুবদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
মুকুট বলেন, “কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা নয়, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে কর্মসূচি সফল করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
পেকুয়ার রাজনৈতিক ও সাংগঠনিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপির কার্যক্রম সারা দেশে রয়েছে। এর মধ্যে পেকুয়াও দলের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকা। তাঁর দাবি, সালাহউদ্দিন আহমদের নির্দেশনা এবং বাহাদুর শাহর নেতৃত্বে পেকুয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিভিন্ন সমালোচনা ও প্রচারণার প্রসঙ্গ টেনে মুকুট বলেন, “এই বাংলাদেশে সালাহউদ্দিন আহমদের মতো ত্যাগ করেছে—এমন নজির নেই।” তিনি সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক অবদান ও ত্যাগের বিষয়টি নেতাকর্মীদের সামনে তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের ইতিহাস, রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক পথচলার গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। এ উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এজন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় নিশ্চিত করতে হবে। বিভিন্ন ইউনিয়ন ও জোনের নেতাদের নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় পেকুয়া উপজেলা যুবদল, বিভিন্ন ইউনিয়ন, জোন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
