জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দণ্ডিত আসামিকে পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাকের আহম্মদ (৪৫) নামের মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকের আহম্মদ কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগমের ছেলে বলে জানা গেছে।

র‍্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সংবাদটির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৫-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।