এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় সড়ক পারাপারের সময় সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা মনি চকরিয়া পৌরসভার মগবাজার উম্মেহাতুল মুমিন মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মাওলানা জাফর আলম হামেদীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তানহা মনি ও তার ছোট বোনকে নিয়ে টমটমে (ইজিবাইক) করে তাদের মা মগবাজার উম্মেহাতুল মুমিন মহিলা মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে টমটমটি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তানহা মনি ও তার ছোট বোন টমটম থেকে ছিটকে সড়কে পড়ে যায়।

এরপর পেছন থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনির মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছোট বোনের হাত ভেঙে যায়।

তানহা মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাহারিয়াঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।