এম. মনছুর আলম, চকরিয়া:
“সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন” এবং “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় তৃতীয় দিনের মতো কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে চকরিয়া থানার আওতাধীন হারবাং ইউনিয়নের হারবাং বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। মাদককে না বলুন, সুস্থ জীবনকে হ্যাঁ বলুন।”
