দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানের সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মো. মোজাফফর হোসেন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য পরিচিত। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবেও তাকে উল্লেখ করা হয়।
এদিকে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে। দলের চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
