রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় হতাশার জেরে দিশা রানী মহন্ত (২০) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দিশা রানী মহন্ত ওই গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিশা। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দিশার চাচা প্রশান্ত কুমার জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর তিনি পুনরায় এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে এবারও পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় তিনি চরম হতাশা ও মানসিক চাপে ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার মতো মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।