সিবিএন ডেস্ক;
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসির টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ছাবেকুন নাহার (২১) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসির সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বলেন, “সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদকবিরোধী গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক পাচার, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
