জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতিটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। বন বিভাগের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় উন্নত চিকিৎসা দেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা পাহাড়ের প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু স্থান থেকে পড়ে মা হাতিটি গুরুতর আহত হয়। এতে তার পা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। এরপর প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক দলের সহায়তায় হাতিটিকে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা চালানো হয়।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, “হাতিটি প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে এতটাই গুরুতর আঘাত পেয়েছিল যে, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। আহত হওয়ার পর থেকেই বন বিভাগের সদস্য ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যরা হাতিটির সার্বক্ষণিক দেখভাল করেছেন। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের মেডিকেল টিমও সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন।”

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহত বন্য হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যা দেওয়া হয়েছিল। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মেডিকেল টিম নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা প্রদান করেছে। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে হাতিটি মারা যায়।”