নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা মাতামুহুরী নদীর পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে পড়েছেন বন্যাদুর্গত মানুষ। বন্যার পানিতে পুরো জনপদ প্লাবিত হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির প্রধান উৎস টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় মানুষ খাদ্য সংগ্রহ করতে পারলেও নিরাপদ পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছে।

এ অবস্থায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত বন্যাকবলিত এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

চকরিয়া পৌরসভা এলাকা থেকে শুরু হওয়া বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম, উপসহকারী প্রকৌশলী মো. আল-আমিন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আল-আমিন বিশ্বাস বলেন, বন্যাদুর্গত এলাকার কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি। বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ পানীয় জল সরবরাহের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার থেকে বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০ হাজার লিটার পানি সরবরাহ করা হবে। দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হতে পারে।