আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজারের ঘুমধুম ও তুমব্রু সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ৩ দশমিক ৫ লিটার বাংলা মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১১ জুলাই) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়নের তুমব্রু বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকমাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩ দশমিক ৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
এদিকে শনিবার দুপুর আড়াইটার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, উদ্ধার করা ইয়াবা ও বাংলা মদ সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।
