নাছির উদ্দিন সোহেল, মহেশখালী:
টানা অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শনিবার (১১ জুলাই) তিনি কুতুবজোম ইউনিয়নের বটতলী, তাজিয়াকাটা, ঘটিভাঙা বাজার স্টেশন, পশ্চিমপাড়া ও ডেম্বনিপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণ ও অতিবৃষ্টির কারণে কুতুবজোম ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতবাড়ি, সড়ক ও কৃষিজমি। এতে স্থানীয় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য আলমগীর ফরিদ ব্যক্তিগত উদ্যোগে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় আলমগীর ফরিদ এমপি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকার ও জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।”
তিনি আরও বলেন, “দুর্যোগের সময়ে মানুষের কাছে পৌঁছে তাদের খোঁজখবর নেওয়া, সাহস জোগানো এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
